পরীক্ষামূলক
LIVE TV

বাড়বে ৯ নদীর পানি, ডুবতে পারে ছয় জেলার নিম্নাঞ্চল

চট্টগ্রাম বিভাগের নয়টি নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে। ফলে ছয় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রবিবার (২৪ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, নোয়াখালী খাল ও রহমতখালি খাল নদীর পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

ফলে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুরে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত আশঙ্কা রয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় দিন নদীগুলোর পানি সমতল কমতে পারে। এ ছাড়া দেশের সকল প্রধান নদ-নদীর পানি সমতল বিপৱসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জানা গেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজমান আছে।

আগামীকাল সোমবারের মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে এবং উজানে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা প্রদেশে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তিস্তা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী দুই দিন কমতে পারে।

অপরদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী তিন দিন কমতে পারে। তিস্তা নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল আগামী পাচ দিন স্থিতিশীল থাকতে পারে। এ ছাড়া গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল আগামী পাচ ৫ দিন কমতে পারে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল আগামী তিন দিন কমতে পারে।

বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান আছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন