মিয়ানমারের আরাকান আর্মির হাতে ৪টি জাহাজ আটক, টেকনাফ বন্দরে অচলাবস্থা
মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে বাংলাদেশের টেকনাফ স্থলবন্দরে আসার পথে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ৪টি পণ্যবাহী জাহাজ আটকে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুইটি এবং শুক্রবার আরও দুইটি জাহাজ আটকানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, এসব জাহাজ মুক্তি পায়নি। শুক্রবার, মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া নামক জলসীমা এলাকায় তল্লাশির অজুহাতে এসব জাহাজ আটকে রাখা হয়। জাহাজগুলোতে আচার, শুটকি, সুপারিসহ বিভিন্ন পণ্য ছিল।
আরাকান আর্মি মিয়ানমারের মংডু টাউনশিপ নিয়ন্ত্রণে নেয়ার পর থেকেই টেকনাফ স্থলবন্দর থেকে নৌযান চলাচল বন্ধ রয়েছে।
টেকনাফ স্থলবন্দরের ম্যানেজার জসিম উদ্দিন জানান, গত ২ দিনে মোট ৪টি মালবাহী জাহাজ আটক করেছে আরাকান আর্মি। তবে, আমদানি কারকরা জাহাজগুলো ছাড়িয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শনিবার দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, “মিয়ানমারের জলসীমা থেকে আরাকান আর্মি জাহাজগুলো আটক করে নিয়ে গেছে। এ বিষয়ে আমাদের করার কিছু নেই, তবে আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি।”
মন্তব্য করুন