পরীক্ষামূলক
LIVE TV

কুড়িগ্রামে তিস্তা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ একদিন পর উদ্ধার

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে নিখোঁজ নাজিম (৫) নামের এক শিশুর মরদেহ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (৯ জুলাই) সকালে মরদেহটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার নিখোঁজ হয় সে। নিহত শিশু নাজিম উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজার এলাকার রফিকুল ইসলামের তৃতীয় ছেলে।

স্থানীয়রা জানান, নিহত শিশু নাজিম গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে অন্যন্য শিশুদের সাথে খেলতে যায়। পরে সবার অজান্তেই বাড়ির পাশে তিস্তা নদীতে ডুবে নিখোঁজ হয় সে। পরে বিষয়টি রাজারহাট ফায়ার সার্ভিস অফিসে জানায় স্থানীয়রা। রাজারহাট ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে বুধবার সকালে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু তাহের জানান, ঘাটে বেঁধে রাখা একটি নৌকার পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন