পরীক্ষামূলক
LIVE TV

‘তাণ্ডব’কে ছাড়িয়ে গেল ‘উৎসব’

অপ্রত্যাশিতভাবে ঈদের সিনেমাগুলোর তালিকায় দাপুটে জায়গা করে নিয়েছে ‘উৎসব’ । প্রেক্ষাগৃহে হুড়মুড়িয়ে যাচ্ছেন দর্শক। টিকিট না পেয়ে অনেকে যাচ্ছেন ফিরে। ফলে কাটতির দিক থেকে ‘তাণ্ডব’-এর পর ছবিটির অবস্থান থাকলেও এবার আয়ের দিক থেকে শাকিব খানকে পেছনে ফেলল সিনেমাটি।

একদিনের আয়ের দিক থেকে ‘তাণ্ডব’কে ছাড়িয়ে গেছে ‘উৎসব’। মুক্তির ১৮তম দিনে মাল্টিপ্লেক্সের ২৯টি শো থেকে সিনেমাটির আয় ২১ লাখ ৭৮ হাজার টাকা। একই দিনে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’-এর চলে ৫৮টি শো, আয় ১৯ লাখ ৬২ হাজার টাকা— অর্থাৎ তুলনায় পিছিয়ে। মুক্তির ১৬ দিনে ছবিটি আয় করেছে ২ কোটি টাকা।

এদিকে ‘উৎসব’-এর বর্তমান অবস্থানে উচ্ছ্বসিত পরিচালক তানিম নূর। তিনি বলেন, ‘ব্লকবাস্টার হবে কি-না জানি না। তবে যা হচ্ছে, তা দুর্দান্ত। দর্শকের ভালোবাসা আমার কাছে অনেক বড় ব্যাপার। চাই ছবিটা আরও মানুষ দেখুক। কোথায় গিয়ে থামে, তা সময়ই বলবে।’

‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে। প্রযোজনা করেছে ডোপ প্রডাকশনস ও লাফিং এলিফ্যান্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন