লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা সীমান্ত এলাকা থেকে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) মোঃ সাব্বির বিন শামসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার দুপুর আড়াইটার দিকে তাকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ হাজির করা হয়। আদালতের বিচারক মোঃ আলাউদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত শনিবার দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্ত এলাকা থেকে পাটগ্রাম থানা পুলিশ তাকে আটক করে। পরে তাকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়। রাতেই ডিবি পুলিশ তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বাদ আহমেদ জানান, ২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে ৬ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাব্বির বিন শামসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। লালমনিরহাট সদর থানায় মামলা নং-৫৯/২৫, তারিখ ২৭ মে ২০২৫। তিনি আরও জানান, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য করুন