স্পোর্টস ডেস্ক 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় পেশোয়ার জালমি এবং লাহোর কালান্দার্স। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রানের সংগ্রহ তুলেছে পেশোয়ার। জবাব দিতে নেমে লাহোর গুঁটিয়ে গেছে মাত্র ৯৭ রানে, ৭৬ রানের বড় জয় পেয়েছে পেশোয়ার জালমি। বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম এবং নাহিদ রানা পেশোয়ারের জার্সিতে আবারও দেখিয়েছেন বোলিং কারিশমা। লাহোরের জার্সিতে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজুর রহমানও।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে পেশোয়ারকে ব্যাটিংয়ে পাঠায় লাহোর কালান্দার্স। ওপেনিং জুটিতে মোহাম্মদ হারিস এবং বাবর আজম মিলে তোলেন ১৮ রান। ১০ বলে ১৮ রানের ইনিংস খেলে বিদায় নেন হারিস। বাবরের সাথে পরে জুটি বাঁধেন কুশল মেন্ডিস। ফর্মে থাকা দুই ব্যাটার মিলে টেনেছেন দলের ইনিংস। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছেন কুশল। বাবর এগিয়েছেন রয়েসয়ে।
৪০ বলে ৪৩ রানের ইনিংস খেলেন বাবর। ৪৮ বলে ৭৩ রানের টর্নেডো ইনিংস খেলেছেন কুশল মেন্ডিস। এছাড়া ১০ বলে ২১ রান করেছেন মাইকেল ব্রেসওয়েল। শেষ দিকের ব্যাটাররা কেউ সুবিধা করতে পারেননি। ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলেই থেমেছে পেশোয়ার জালমি।
৫ম ওভারে প্রথম বোলিংয়ে আসেন মুস্তাফিজ। দেন মাত্র ৪ রান। ৭ম ওভারে এসে দিয়েছেন ৫ রান। দুই ওভারে ৯ রান দিয়ে উইকেটশুন্য। ১৫তম ওভারে বোলিংয়ে ফিরে ১৩ রান খরচা করেন ফিজ। এবারও উইকেট মেলেনি। তবে নিজের শেষ ওভারে এসেই পেয়েছেন জোড়া উইকেট। ১৯তম ওভারে ৮ রান দিয়ে নিয়ে নেন ২ উইকেট। সব মিলিয়ে ৪ ওভারে ৩০ রান খরচায় ২ উইকেট তোলেন মোস্তাফিজ।
লাহোরের বাকি বোলারদের মধ্যে ৩ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। ১টি করে উইকেট তোলেন উবাইদ শাহ এবং উসামা মীর। জবাব দিতে নেমে দলের ৪ রানের মাথাতেই ভেঙেছে লাহোর কালান্দার্সের ওপেনিং জুটি। ৪ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান ওপেনার মোহাম্মদ নাঈম। আরেক ওপেনার ফখর জামান টিকে ছিলেন। এক প্রান্ত ধরে খেলে গেছেন। তিনে নেমে তার সাথে যোগ দেন আব্দুল্লাহ শফিক। ১৫ বলে ২১ রানের ইনিংস খেলে বিদায় নেন শফিক। অন্যদিকে ফখরও করেছেন সমান ২১ রান, বল লেগেছে ১৯টি।
দলের ৪৫ রানের মাথাতে বিদায় নেন ফখর। এরপর যেন শনির দশা লাগে লাহোরের ইনিংসে। একের পর এক ব্যাটারের বিদায়ে ইনিংসে নামে ধস। চারে নামা সিকান্দার রাজা খেলেছেন ১৩ বলে ১৪ রানের ইনিংস। শফিক, ফখর এবং রাজা বাদে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল দুনিথ ভেল্লালাগে। মাঝে একের পর এক উইকেট হারিয়েছে লাহোর, চলে গেছে হারের দ্বারপ্রান্তে।
বরাবরের মত পেশোয়ারের জার্সিতে উজ্জ্বল ছিলেন দুই টাইগার পেসার শরিফুল ইসলাম এবং নাহিদ রানা। এদিনও ইফতিখার আহমেদের সাথে বোলিং ওপেন করেছিলেন শরিফুল। প্রথম ওভারেই ফেরান মোহাম্মদ নাঈমকে। ২ ওভারে ১৭ রান খরচায় ১ উইকেট নেন শরিফুল।
এক্সপ্রেস পেসার নাহিদ রানা একটু দেরিতে এসেছেন। তবে গতির ঝড়ে কাঁপিয়ে দিয়েছেন লাহোরকে। আব্দুল্লাহ শফিকের পর গতিশীল রানা ফিরিয়েছেন উসামা মীরলে। ৩ ওভারে ১৫ রান খরচা করে রানার ঝুলিতে ২ উইকেট।
শেষ দিকে দুনিথ ভেল্লালাগে কিছুটা লড়াই চালিয়ে হারের ব্যবধান কমিয়েছেন কেবল। ২৪ বলে ২০ রান করে আউট হন ভেল্লালাগে। ৯৭ রানে থেমেছে লাহোরের ইনিংস। ৩ বলে ৪ রান করে টিকে ছিলেন মোস্তাফিজুর রহমান। ৭৬ রানে জয়লাভ করে পেশোয়ার জালমি। পেশোয়ারের হয়ে ৩টি করে উইকেট নেন সুফিয়ান মুকীম এবং মাইকেল ব্রেসওয়েল। ২ উইকেট তোলেন নাহিদ রানা। ১টি করে উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম এবং আমের জামাল।
মন্তব্য করুন