আরসিটিভি ডেস্ক 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি ও পুলিশের ওপর চড়াও হওয়ার ঘটনায় দুই বাইকারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।
আটকরা হলেন- আলমগীর হোসেন ও ইজাজ তানভীর তুষার। তারা ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।
পুলিশ ও পাম্প সূত্রে জানা যায়, সকাল থেকে প্রশাসনের তত্ত্বাবধানে প্রতি মোটরসাইকেলে ৩০০ টাকার করে তেল সরবরাহ করা হচ্ছিল। এ সময় দুই বাইকার ৫০০ টাকার তেল দেওয়ার দাবি জানিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পুলিশের ওপর চড়াও হন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ওই দুই বাইকারকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট মুচলেকা প্রদান সাপেক্ষে তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন জানান, ভবিষ্যতে এমন ঘটনা, ঘটাবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে।
মন্তব্য করুন