লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং অবৈধভাবে পাচারকালে জ্বালানী তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গংগারহাট বিওপি ও কুলাঘাট বিশেষ ক্যাম্প পৃথক দুটি অভিযানে এসব জব্দ করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৮ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বিদ্যাবাগিস এলাকায় গংগারহাট বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে ধাওয়া দিলে তারা মাদকদ্রব্য ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এর আগে, ০৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১১টা ৫০ মিনিটে লালমনিরহাট জেলার কুলাঘাট এলাকায় বিজিবির চেকপোস্টে একটি ইজিবাইক তল্লাশি করে ৫০০ লিটার ডিজেল তেল জব্দ করা হয়। এসময় ইজিবাইক চালক মোঃ জামাল হোসেন (৩৭) কে আটক করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নওয়াবাস এলাকার বাসিন্দা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন