আরসিটিভি ডেস্ক 

নেত্রকোনার কেন্দুয়ায় বাড়িঘরে হামলা, মারপিট, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামে আবুল বাসার ভূইয়া চন্দনের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে নারীসহ দুইজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রে জানা যায়, সম্প্রতি ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে মনকান্দা গ্রামের রফিক ভূইয়ার ছেলে রাব্বির (১৫) সঙ্গে একই গ্রামের তানভীরের বাগবিতণ্ডা হয়। গত ২৫ মার্চ এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত হান্নান ভূইয়ার ছেলে রূপাই তানভীরের পক্ষ নিয়ে রাব্বির সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের অন্তত ৪-৫ জন আহত হন।
এরই জেরে শনিবার রূপাইয়ের পরিবারের সদস্যরা রাব্বির চাচা আবুল বাসার ভূইয়া চন্দনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ঢুকে মারধর, ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায়। এ সময় তারা নগদ প্রায় এক লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
ভুক্তভোগী আবুল বাসার ভূইয়া চন্দন অভিযোগ করেন, রূপাইয়ের বড় ভাই আবদুল গাফফার বাবুর নেতৃত্বে হামলাকারীরা বসতঘরসহ বিভিন্ন ঘরে ভাঙচুর চালায় এবং তার স্কুলপড়ুয়া ছেলে রিফাত ও বোনকে মারধর করে। তারা সুকেশ ও প্লাস্টিকের ওয়ারড্রব ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয়।
অভিযুক্ত আবদুল গাফফার বাবু ঘটনার কথা অস্বীকার করেছেন।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত সহায়তা করা হবে।
মন্তব্য করুন