স্পোর্টস ডেস্ক 

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে ব্রাজিল। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে পরাজিত করে কার্লো আনচেলত্তির দল। ১৮ মে ঘোষিতব্য চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াডের আগে এই জয় দলটির আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে প্রাধান্য ছিল ব্রাজিলের। ধারাবাহিক আক্রমণের ফল তারা পায় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। ভিনিসিয়ুস জুনিয়রের চমৎকার এক পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে দানিলো সান্তোস গোল করে দলকে এগিয়ে দেন।
বিরতির পর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও দীর্ঘ সময় গোলের দেখা মিলছিল না। মনে হচ্ছিল ম্যাচটি ১-০ ব্যবধানেই শেষ হবে। তবে ৮৪তম মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান লোভরো মাজের।
এর অল্প সময়ের মধ্যেই ব্রাজিল পেনাল্টি পায় এবং তা থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন বদলি খেলোয়াড় ইগর থিয়াগো। ম্যাচের শেষ দিকে তারই পাস থেকে বল পেয়ে এনড্রিক দারুণ একটি আক্রমণ গড়ে তোলেন এবং আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ব্যবধান বাড়ে। যদিও নিজে গোল করতে পারেননি, তবুও পুরো ম্যাচে এনড্রিকের পারফরম্যান্স ছিল নজরকাড়া।
মন্তব্য করুন