আন্তর্জাতিক ডেস্ক 

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১টা ১০ মিনিটে তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর কিরিয়া লক্ষ্য করে বেশ কিছু বিশেষ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
হিজবুল্লাহর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, কেবল সেনাসদরই নয়, তেল আবিবের উত্তরে অবস্থিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার (আমান) একটি গুরুত্বপূর্ণ স্থাপনাতেও সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, কিরিয়া এলাকাটি ইসরায়েলি প্রতিরক্ষা সক্ষমতার প্রধান কেন্দ্র এবং এখানে সরকারের অনেক নীতিনির্ধারণী দপ্তর অবস্থিত।
হামলার পর ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিসেবা জানিয়েছে, তেল আবিব এলাকায় এই হামলায় সরাসরি কেউ আহত হননি, তবে ক্ষেপণাস্ত্র থেকে আশ্রয় নেওয়ার সময় মাথায় আঘাত পেয়ে এক নারী আহত হয়েছেন এবং একই সময়ে একটি গাড়ি দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। এই হামলার পর একাধিক ক্ষেপণাস্ত্রের টুকরো পাওয়া গেছে।
এদিকে দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধারা লড়াই চালিয়ে যাচ্ছে। গতকাল সেখানে এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হিজবুল্লাহ তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়েছে। হিজবুল্লাহর এই সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিবের নিরাপত্তা বেষ্টনী নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। সামরিক বিশ্লেষকদের মতে, সেনাসদর বা গোয়েন্দা দপ্তরে এই ধরনের হামলা যুদ্ধের গতিপ্রকৃতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
মন্তব্য করুন