RCTV Logo বিনোদন ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

সিয়ামের ‘রাক্ষস’ মুভির ট্রেলার মুক্তি

ছবিঃ সংগৃহীত

আসছে ঈদকে সামনে রেখে ঢালিউডে বইছে নতুন নতুন সিনেমার হাওয়া! সেই তালিকায় দর্শকদের অন্যতম প্রতীক্ষিত সিনেমা সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। গত বৃহস্পতিবার প্রকাশ পায় সিনেমাটির পোস্টার। তার একদিন পরই এলো ট্রেলার।

প্রথম পোস্টারেই চমক দেখান সিয়াম। সেখানে দেখা যায়, সামনে অনেকগুলো রক্তাক্ত লাশ পড়ে আছে; আর চেয়ারে কালো স্যুট পরে স্টাইলিশ ভঙ্গিতে বসে আছেন নায়ক। শুক্রবার বিকেলে আসে আরেকটি পোস্টার, যেখানে সিয়ামের সঙ্গে দেখা যায় ছবির নায়িকা সুষ্মিতা চ্যাটার্জিকে। সিয়ামকে দেখা যায় রক্তাক্ত চাপাতি নায়িকার গলায় ধরে থাকতে। সেখানে ঘোষণা দেওয়া হয় ট্রেলার মুক্তির।

এরপর শুরু হয় অপেক্ষা। শুক্রবার দিবাগত মধ্যরাতে অপেক্ষার অবসান ঘটিয়ে আসে ছবির বহু কাঙ্ক্ষিত ট্রেলার। সামাজিক মাধ্যমে ট্রেলারটি প্রকাশ করে লেখা হয়, ‘রাক্ষস মাঝরাতেই আসে… আর তখনই শুরু হয় কো*প’।

প্রকাশিত ট্রেলারটি যেন আক্ষরিক অর্থেই এক ভয়ংকর গল্পের আভাস দিয়েছে। ২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারটির শুরুতেই শোনা যায় সিয়ামের কণ্ঠে এক গম্ভীর ও দার্শনিক সংলাপ। অন্ধকার ঘরে বসে সিগারেট টানতে টানতে সিয়াম বলেন, মানুষ বলে নারী কিসে আটকায়? নারী বলে মায়ায়, ভালোবাসায়। আমি বলি না, নারী আটকায় লোভে। আর লোভে পাপ, আর পাপে… এরপরই স্ক্রিনে ভেসে ওঠে নৃশংস, মারকাটারি হত্যার দৃশ্য। চোখের পলকেই শান্ত পরিবেশ রূপ নেয় রক্তক্ষয়ী এক রণক্ষেত্রে, যেখানে ধারালো অস্ত্রের কোপে একের পর এক লাশ পড়ছে।

তবে এই ভয়ংকর রূপের আড়ালেই লুকিয়ে আছে এক গভীর প্রেমের গল্প। ট্রেলারের পরের অংশেই দেখা মেলে রোম্যান্টিক সিয়ামের। নায়িকা সুষ্মিতা চ্যাটার্জির প্রতি নিজের অন্ধ প্রেমের কথা ব্যক্ত করে সিয়ামকে বলতে শোনা যায়, তোরে ভালোবাইসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কানতাম। বিলাসবহুল জীবন, সি-প্লেনে ভ্রমণ আর রোম্যান্টিক মুহূর্তের এই দৃশ্যগুলো জানান দেয় গ্যাংস্টার জীবনের বাইরেও এই রাক্ষসের এক দুর্বল জায়গা রয়েছে।

কিন্তু প্রেমের এই স্নিগ্ধতা বেশিক্ষণ স্থায়ী হয় না। মুহূর্তেই ট্রেলারে ফিরে আসে চরম অ্যাকশন আর উত্তেজনা। এক বয়স্ক খলনায়কের মধ্যাঙ্গুলি দেখানোর পর শুরু হয় গোলাগুলি, বিস্ফোরণ আর রক্তের হোলি খেলা। একটি জিপ গাড়ির ওপর বাঘের সঙ্গে দাঁড়িয়ে থাকা অবস্থায় শত্রুদের উদ্দেশে সিয়ামের হুংকার, তুই যদি ওদের বাপ হোস, তাইলে আমি তোর বাপেরও বাপ! এরপর রক্তে ভেজা শরীরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সিয়াম যখন বলেন ‘আইতাছি’, তখন দর্শকের মনে শিহরণ জাগতে বাধ্য।

তবে ট্রেলারের একেবারে শেষে এক চিকিৎসকের চেম্বারে সিয়াম ও সুষ্মিতাকে দেখা যায়, যেখানে সিয়াম চিকিৎসকের কাছে স্ত্রীর গর্ভাবস্থায় তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এক অদ্ভুত ও সাহসী প্রশ্ন করে বসেন, যা সিনেমার ডার্ক কমেডির দিকটিও উন্মোচন করে।

এই সিনেমার মধ্য দিয়ে দর্শক সিয়ামকে একেবারেই নতুন এবং ভয়ংকর এক রূপে পেতে যাচ্ছেন। এর আগে পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছিলেন, তার আগের কাজ ‘বরবাদ’ সিনেমার চেয়েও তিন গুণ বেশি ভায়োলেন্স থাকছে ‘রাক্ষস’-এ। তিনি আশাবাদী যে দর্শক এই ভিন্নধর্মী উপস্থাপনকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং একবার দেখার পর বারবার এটি দেখতে চাইবেন।

কিন্তু নির্মাতার আগের সিনেমা ‘বরবাদ’ এর জনপ্রিয় চরিত্র সেই ‘জিল্লু’কেও দেখা গেছে রাক্ষসের টিজারে। যেখানে সিয়ামকে ফোনে ভিডিও কলে বলতে শোনা যায়, ‘হেয় জিল্লু্, খাইয়া দে’। এরপরই প্রত্যাবর্তন ঘটে সেই জিল্লু খ্যাত অভিনেতা শ্যাম ভট্টাচার্যের।

‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। আজিম হারুন ও রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতার স্বাদ দেবে বলে দর্শকেরা মনে করছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ টাকার ইফতারিতে মিলছে মোরগ পোলাও

ইসরাইলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

অবশেষে মোস্তাফিজের বিকল্প পেল কেকেআর

অস্কার লড়াইয়ে সেরা ১০ সিনেমা

বিশ্ব পাই দিবস আজ

সিয়ামের ‘রাক্ষস’ মুভির ট্রেলার মুক্তি

দেশের বাজারে রুপার দামে পতন

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

সৈয়দপুরে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিল দুর্বৃত্তরা 

১০

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

১১

আগামী ৫ দিন বিভিন্ন জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১২

বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার 

১৩

রাজারহাটে হাতে তৈরি লাচ্ছা সেমাইয়ে বাজিমাত, ঈদ ঘিরে বাড়ছে চাহিদা

১৪

লেবাননে ইসরাইলের হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

১৫

আজ ১৪ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ১৪ মার্চ ২০২৬

১৭

মালদ্বীপে বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৮

কুয়েতে অন্তত ৭ মার্কিন সেনা নিহত, আহত শতাধিক

১৯

ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজারো মার্কিন সেনা

২০