নাটোর প্রতিনিধি 

নাটোরের সিংড়া উপজেলায় ইজিবাইক চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—কামার বড়িয়া গ্রামের মৃত নজের আলীর ছেলে মো. হানিফ (৬০) ও মো. বেদন (৩৫), ভুট্টুর ছেলে মো. হাসান (২৮), আব্দুল হান্নানের ছেলে মো. শিমুল (৩০) এবং দুলালের ছেলে মো. আশিক (২২)।
আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আহত হানিফের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে কামার বড়িয়া গ্রামের বাসিন্দা মো. বায়েজিদের বাড়ি থেকে একটি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় বায়েজিদ বাদী হয়ে একই গ্রামের আল আমিন (৩৫) ও পাবনা জেলার বাসিন্দা মুনির (৩৬)-এর বিরুদ্ধে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত মুনির কামার বড়িয়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করেন এবং তিনি আল আমিনের খালাতো ভগ্নিপতি।
অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে বুধবার দিবাগত রাতে আল আমিন, মুনির ও আশিকসহ অজ্ঞাত আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বায়েজিদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ব ম আব্দুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন