স্পোর্টস ডেস্ক 

গত মাসের প্রথম লেগে ৪-০ ব্যবধানের বিশাল হার। দ্বিতীয় লেগ শুরুর আগে বার্সেলোনার সামনে সমীকরণটা ছিল হিমালয় জয়ের সমান। ঘরের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে মার্ক বার্নাল ও রাফিনিয়াদের নৈপুণ্যে সেই অসাধ্য সাধনের পথেই ছিল কাতালানরা। তবে শেষ পর্যন্ত আতলেতিকো মাদ্রিদের রক্ষণ ভাঙতে না পেরে ৪-৩ অ্যাগ্রিগেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার রাতে কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-০ গোলে জিতলেও প্রথম লেগের বড় ঘাটতি পূরণ করতে পারেনি হান্সি ফ্লিকের দল। ফলে দীর্ঘ এক যুগ পর ফাইনালে পা রাখল আতলেতিকো।
ম্যাচের ২৯ মিনিটে লামিন ইয়ামালের দুর্দান্ত পাস থেকে গোল করে ক্যাম্প ন্যুতে প্রাণের সঞ্চার করেন ১৮ বছর বয়সী মার্ক বার্নাল। প্রথমার্ধের যোগ করা সময়ে পেদ্রি বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। সফল স্পট-কিকে ব্যবধান ২-০ করেন রাফিনিয়া।
দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে জোয়াও কানসেলোর ক্রস থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন বার্নাল। টানা চার ম্যাচে এটি তাঁর চতুর্থ গোল। ম্যাচ তখন ৩-০ (দুই লেগ মিলিয়ে ৩-৪), আর একটি গোল করলেই খেলা গড়াত অতিরিক্ত সময়ে।
শেষ দিকে বার্সেলোনা প্রবল চাপ তৈরি করলেও আতলেতিকো মাদ্রিদ তাদের রক্ষণ ধরে রাখতে সক্ষম হয়। ৮৯ মিনিটে জেরার্ড মার্টিনের পেনাল্টি বক্সের ভেতর থেকে নেওয়া শট অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে যায়। ইনজুরি টাইমের শেষ দিকে ইয়ামালের বাঁকানো শট গোলপোস্টের কোণ ঘেঁষে বাইরে চলে যায়।
রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে বিদায় করে ফাইনালে ওঠা আতলেতিকো মাদ্রিদ এখন শিরোপার অপেক্ষায়। আজ রাতে রিয়াল সোসিয়েদাদ ও অ্যাথলেটিক ক্লাবের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে ফাইনালে লড়বে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
মন্তব্য করুন