আরসিটিভি ডেস্ক 

দেশের বাজারে টানা ষষ্ঠ দফায় বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর আগে একই দিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।
এবার স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ১৭৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৮৮১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, সর্বশেষ রোববার (১ মার্চ) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। এদিন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৩ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১২ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
মন্তব্য করুন