লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা উত্তোলনের সময় দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে লালমনিরহাট সদর কোর্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদা উত্তোলনকালে মোঃ মজমুল হক (৫০) ও মোঃ মোসলেম উদ্দিন ভোলা (৪০) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মোঃ মজমুল হক আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া এলাকার মৃত সামসুল হকের ছেলে এবং মোঃ মোসলেম উদ্দিন ভোলা লালমনিরহাট থানার তালুক খুটামারা এলাকার মৃত তাহের আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লালমনিরহাট সদর মীর আল মনসুর শোয়াইব দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় মোঃ মজমুল হককে ১০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোঃ মোসলেম উদ্দিন ভোলাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান ও গ্রেপ্তারে অংশ নেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ মনিরুজ্জামান, এএসআই (নিঃ) মোঃ আলদাদ হোসেন এবং কনস্টেবল ৭৮০ মোঃ লেবু মিয়া (পিপিএম)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানায়,আইনশৃঙ্খলা রক্ষা ও চাঁদাবাজি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন