আরসিটিভি ডেস্ক 

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে কয়েক দিনের ব্যবধানে সংঘটিত দুটি সশস্ত্র হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। দীর্ঘদিন ধরেই আন্তঃসম্প্রদায়িক সহিংসতায় জর্জরিত এই অঞ্চলে সাম্প্রতিক হামলাগুলো নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বলে জানিয়েছে এএফপি।
স্থানীয় সরকারি কর্মকর্তা ইবি অ্যান্ড্রু জানিয়েছেন, গতকাল শুক্রবার বিকেলে বেনু রাজ্যের কোয়ান্দে এলাকার আনওয়াসে গ্রামে একদল ডাকাত বাজারে হামলা চালায়। এতে অন্তত ১৩ জন ব্যবসায়ী নিহত হন।
তিনি আরো বলেন, ‘হামলাকারীরা বাজারে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। বহু ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয় এবং স্বজন হারানো পরিবারগুলো নিখোঁজ প্রিয়জনদের খোঁজে দিশাহারা হয়ে পড়ে।’
স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম জানিয়েছে, এর কয়েক দিন আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পার্শ্ববর্তী মবাইকিয়র শহরের বাজারে আরেকটি সশস্ত্র হামলা চালানো হয়।
এতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৭ জন নিহত হন।
সাম্প্রতিক মাসগুলোতে বেনু রাজ্যে সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। মূলত মুসলিম ফুলানি পশুপালক ও সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান কৃষকদের মধ্যে জমি ও প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই সংঘাত চলছে।
যদিও এসব সহিংসতাকে সাধারণত সাম্প্রদায়িক সংঘর্ষ হিসেবে বলা হচ্ছে।
তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে জমির সংকট, অবৈধ অস্ত্রের বিস্তার এবং সহিংসতা মোকাবেলায় নাইজেরীয় সরকারের কার্যকর ও টেকসই পদক্ষেপের অভাব পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।
মন্তব্য করুন