দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর শিক্ষার্থী মোস্তাক ফয়সাল। তিনি নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে মোস্তাক ফয়সাল জানান, ব্যক্তিগত স্বার্থ নয় বরং সেতাবগঞ্জ পৌরসভাকে আরও উন্নত, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় থেকেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।
তিনি বলেন, সেতাবগঞ্জ পৌরসভায় এখনো ব্যাপক উন্নয়নের সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি পরিচ্ছন্ন, উন্নত ও নাগরিকসেবায় অগ্রগামী পৌরসভা গড়ে তোলা সম্ভব।
এ লক্ষ্যে তিনি পৌরবাসীর দোয়া, পরামর্শ ও সর্বাত্মক সমর্থন কামনা করেন। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে এবং জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি একটি সুন্দর, নিরাপদ ও উন্নত সেতাবগঞ্জ গড়ে তোলার আহ্বান জানান।
মন্তব্য করুন