আরসিটিভি ডেস্ক 

দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি দুই দিনের দরপতনের পর মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রুপার দামে তীব্র উত্থান দেখা গেছে। বিনিয়োগকারীরা কম দামে কেনার সুযোগ কাজে লাগানোয় স্বর্ণের দাম এক দিনে বেড়েছে উল্লেখযোগ্য হারে, যা ২০০৮ সালের নভেম্বরের পর সর্বোচ্চ দৈনিক বৃদ্ধির পথে রয়েছে। খবর রয়টার্সের।
মঙ্গলবার গ্রিনিচ মান সময় সকাল ৯টা ৪৪ মিনিটে স্পট বাজারে স্বর্ণের দাম ৫ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৯২১ দশমিক ৪২ ডলার। একই দিন ভোরেও স্বর্ণের দাম এক দফা বেড়েছিল। ধারণা করা হচ্ছে, সেশন শেষ হওয়ার আগে আরও একবার দাম বাড়তে পারে।
আগের দিন সোমবার স্বর্ণের দাম নেমে গিয়েছিল ৪ হাজার ৪০৩ দশমিক ২৪ ডলারে। গত সপ্তাহে স্পর্শ করা ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারের রেকর্ড উচ্চতা আপাতত অপরিবর্তিত রয়েছে।
এদিকে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯৪৫ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।
বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক দরপতনের পর বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগমুখী মানসিকতা আবারও সক্রিয় হয়েছে। ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক ঝুঁকির মধ্যে স্বর্ণ ও রুপার প্রতি চাহিদা বাড়ায় দামে এই শক্তিশালী পুনরুদ্ধার দেখা যাচ্ছে।
মন্তব্য করুন