স্পোর্টস ডেস্ক 

ক্রীড়াঙ্গনে বয়কট নিয়ে বেশ কিছুদিনই চলছে তুমুল আলোচনা। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে পরিচিত ফুটবল বিশ্বকাপ কিংবা ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বয়কট নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এবার হঠাৎ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্রিস্তিয়ানো রোনালদোও ‘ধর্মঘটে’ যাওয়ার মতো নজির সৃষ্টি করার পথে আছেন। পর্তুগিজ এই মহাতারকা নাকি আল নাসরের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানাতে পারেন।
সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর সঙ্গে ক্লাবের ট্রান্সফার কার্যক্রম নিয়ে অসন্তোষের কারণে আল রিয়াদের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানাতে পারেন রোনালদো। আজ বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে এই প্রতিপক্ষের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে মাঠে নামবে আল নাসর। তবে এই ম্যাচে নাকি ‘সিআর সেভেনের’ অনুপস্থিত থাকার সম্ভাবনাই বেশি।
পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা-র প্রতিবেদনে বলা হয়েছে, দল বদলের মৌসুমে পিআইএফ-এর নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ রোনালদো। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর তুলনায় আল নাসরের পিছিয়ে পড়া তাকে হতাশ করেছে। উদাহরণ হিসেবে আল হিলালের কথা বলা হচ্ছে, যারা করিম বেনজেমাকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি রয়েছে। এই পরিস্থিতিতে নিজের অসন্তোষ প্রকাশ করতেই আল নাসরের পরবর্তী ম্যাচে কার্যত ‘ধর্মঘটে’ যাওয়ার পরিকল্পনা করছেন সাবেক রিয়াল মাদ্রিদ সুপারস্টার।
রোনালদোর অসন্তোষের আরেকটি কারণ হিসেবে উঠে এসেছে আল নাসরের অভ্যন্তরীণ পরিবর্তন। গত মাসে বোর্ড মিটিংয়ের পর আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর সিমাও কৌতিনহো এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হোসে সেমেদোর ক্ষমতা খর্ব করা হয়েছে বলেও জানা গেছে।
এদিকে প্রধান কোচ জর্জে জেসুস এখন পর্যন্ত স্কোয়াডে যোগ করতে পেরেছেন কেবল তরুণ মিডফিল্ডার হায়দার আবদুলকরিমকে। সম্প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন, ট্রান্সফার কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠার পর ক্লাবের আর্থিক অবস্থা ভালো নেই। জেসুস বলেন, আমি শীতকালীন ট্রান্সফার উইন্ডো নিয়ে কথা বলেছি। বিদেশি খেলোয়াড় নেওয়ার মতো কোনো সুযোগ আমাদের নেই। আল নাসরের আর্থিক পরিস্থিতিও ভালো নয়, যা নতুন খেলোয়াড় আনার অনুমতি দেয় না। আশা করছি এক বা দুইজন, বড়জোর তিনজন খেলোয়াড় যোগ দিতে পারে।’
৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা ২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের দ্বিতীয় মেয়াদ শেষ করে আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই সৌদি প্রো লিগের পোস্টার বয় হয়ে উঠেছেন। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর দেখানো পথ ধরেই আরও অনেক বড় নাম মধ্যপ্রাচ্যের ফুটবলে পা রাখলেও, এখন মনে হচ্ছে রোনালদোর সঙ্গে ক্লাবের সম্পর্ক আর আগের মতো মসৃণ নেই।
গত জুনে আল নাসরের সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন করেন রোনালদো। ফলে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত তিনি সৌদি ক্লাবটির সঙ্গেই থাকার কথা। ওল্ড ট্র্যাফোর্ড থেকে তিক্ত বিদায়ের আল নাসরের হয়ে নিয়মিতই গোল করে যাচ্ছেন রোনালদো। তবে সেই গোলের বন্যা সত্ত্বেও ক্লাবটিকে এখনো তাদের কাঙ্ক্ষিত দশম লিগ শিরোপা এনে দিতে পারেননি তিনি।
মন্তব্য করুন