জনপ্রিয় নাট্য অভিনেতা আব্দুন নূর সজল এবারও সিনেমাকে ঘিরেই তার সমস্ত পরিকল্পনা সাজিয়েছেন। একসময় নাটকে দাপটের সঙ্গে অভিনয় করলেও এখন তিনি বিশেষ দিবসের নাটক এবং ওটিটি কনটেন্টের বাইরে মূলত সিনেমায় মনোযোগ দিয়েছেন। গত কয়েক বছর ধরেই এই ধারা বজায় রেখেছেন তিনি।
সজল জানিয়েছেন, নতুন বছরেও সিনেমাকে কেন্দ্র করেই তার সব পরিকল্পনা। বর্তমানে একাধিক সিনেমা নিয়ে আলোচনা চলছে, এবং খুব শিগগিরই কোনো নতুন প্রজেক্টের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, “এখন সিনেমা নিয়েই প্ল্যান। গত দুই বছরে সিনেমা থেকে যে ভালোবাসা পেয়েছি, সেটাকে ছাড়িয়ে যেতে চাই। এমন কিছু কাজ করতে চাই যা দর্শকের হৃদয়ে জায়গা করে নেবে এবং আমাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে। এজন্য ভালো গল্প ও চরিত্র নিয়ে কাজ করার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি।”
নতুন বছরে সিনেমার বাইরে তেমন কোনো পরিকল্পনা নেই বলেও উল্লেখ করেছেন সজল। তার ভাষায়, “পরিকল্পনা করে সবকিছু হয় না। তাই সেরকম নির্দিষ্ট কোনো প্ল্যান নেই। তবে এবছর শুধুমাত্র সিনেমায় ফোকাস রাখতে চাই এবং দর্শকদের ভালো সিনেমা উপহার দিতে চাই। আপাতত এটাই আমার একমাত্র চাওয়া।”
সজলের এমন আত্মবিশ্বাস ও পরিকল্পনা তার ভক্তদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। সজল কেমন কাজ নিয়ে হাজির হন, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
মন্তব্য করুন