স্বাধীনতা দিবসে বাংলাদেশিদের অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (২৫ মার্চ), যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে মার্কো রুবিও বলেন,
“২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন, উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে বাংলাদেশের যাত্রায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন,
“এই দিবসটি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে এসেছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুত করছে। এটি বাংলাদেশের জনগণকে তাদের ভবিষ্যতের পথ বেছে নেওয়ার সুযোগ দেবে।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ ও সার্বিক উন্নয়নে সহায়তা করতে আগ্রহী।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কো রুবিও বলেন,
“এই বিশেষ দিনটি উদযাপনের সময়, আমি বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের উভয় দেশকে আরও নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ করতে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাবো।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বিবৃতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা ও ভবিষ্যৎ অংশীদারিত্বের সম্ভাবনাকে তুলে ধরে।
মন্তব্য করুন