লন্ডনে জয়শঙ্করের সামনেই ভারতীয় পতাকা ছিঁড়লেন খালিস্তানপন্থি
লন্ডন সফরকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার সন্ধ্যায় চ্যাথাম হাউসে একটি আলোচনা শেষে বের হওয়ার সময় তার সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন এক খালিস্তানপন্থি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জয়শঙ্কর গাড়িতে ওঠার সময় নিরাপত্তা বেষ্টনী ভেঙে এক ব্যক্তি ভারতের পতাকা নিয়ে দৌড়ে আসেন। পুলিশ সদস্যরা প্রথমে তার উদ্দেশ্য বুঝতে না পারায় তিনি গাড়ির সামনে পৌঁছে পতাকা মাঝ বরাবর ছিঁড়ে ফেলেন। পরে পুলিশ তাকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।
এ সময় খালিস্তানপন্থি বিক্ষোভকারীরা স্বাধীন খালিস্তানের দাবিতে স্লোগান দিতে থাকেন। পুলিশের অতিরিক্ত দল ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, চ্যাথাম হাউসের বাইরে খালিস্তানপন্থিরা নিজেদের পতাকা উত্তোলন করে স্লোগান দিচ্ছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়। বিবৃতিতে পতাকা ছেঁড়া ব্যক্তিকে ‘চরমপন্থি’ হিসেবে উল্লেখ করে বলা হয়, “নিরাপত্তা বেষ্টনী ভেঙে মন্ত্রীর গাড়ির সামনে ভারতীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। এই ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়াকে সন্দেহের চোখে দেখছি।”
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, “চরমপন্থি গোষ্ঠীর এই ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। আমরা মন্ত্রীর যুক্তরাজ্য সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি। বিচ্ছিন্নতাবাদী ও চরমপন্থিদের এই উসকানিমূলক কার্যকলাপের তীব্র নিন্দা জানাই।”
এই ঘটনা ভারত-যুক্তরাজ্য সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। ভারত সরকার আশা করছে, যুক্তরাজ্য কর্তৃপক্ষ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেবে।
মন্তব্য করুন