কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রামের উলিপুরে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে সাড়ে ২৭ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উলিপুর পৌরসভার মোহাম্মদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম উলিপুর-চিলমারী সড়কে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে উল্টো পথে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে যায়।
দুর্ঘটনার পর সিএনজির চালক ও যাত্রীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার উপস্থিতিতে দুর্ঘটনাকবলিত সিএনজি তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ৭টি প্যাকেট থেকে মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, চেকপোস্টে অভিযানের সময় পরিত্যক্ত সিএনজি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন