RCTV Logo আরসিটিভি ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

আজ থেকে কার্যকারিতা হারাচ্ছে গণভোটসহ ২০ অধ্যাদেশ

ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বৈধকরণের কাজ শেষ করেছে জাতীয় সংসদ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও জুলাইযোদ্ধাদের দায়মুক্তিসহ ১১৩টি অধ্যাদেশকে ৮৭টি বিল পাসের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। চারটি পৃথক বিল পাসের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশনসহ সাতটি অধ্যাদেশ বাতিল করা হয়েছে। এছাড়া গণভোট অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশসহ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জারি করা বাকি ১৩টি অধ্যাদেশে সংসদের অনুমোদন মেলেনি। ফলে অন্তর্বর্তী সরকারের করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি আজ থেকে কার্যকারিতা হারাল। এদিকে গতকাল শুক্রবার বিল পাসের শেষদিকে সংসদীয় বিশেষ কমিটির সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে বিরোধী দল ওয়াকআউট করে।

গতকালসহ টানা ছয় দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি করেছে। দেশের জাতীয় সংসদের ইতিহাসে অল্প সময়ের মধ্যে এত সংখ্যক বিল পাসের নজির নেই। গতকাল শেষ দিনে ২৪টি বিল পাস হয়। এছাড়া ৫ এপ্রিল দুটি, ৬ এপ্রিল সাতটি, ৭ এপ্রিল ১৪টি, ৮ এপ্রিল ১৩টি ও ৯ এপ্রিল ৩১টি বিল পাস হয়।

রহিতকরণ বিল পাসের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশনসহ সাতটি অধ্যাদেশে গৃহীত কার্যক্রমের সুরক্ষা দেওয়া হলেও গণভোট, দুদক এবং গুমসহ ১৩টি অধ্যাদেশের ক্ষেত্রে কোনো সুরাহা হয়নি। ফলে এসব অধ্যাদেশের অধীনে অন্তর্বর্তী সরকারের গৃহীত কার্যক্রমের সুরক্ষা কী হবে তা অস্পষ্ট থেকে যাচ্ছে। এমনকি গণভোট অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত ‘গণভোট ২০২৬’-সহ অন্যান্য কার্যক্রম নিয়েও প্রশ্ন তৈরি হলো।

সংসদ চলমান না থাকাকালে রাষ্ট্রপতি যেসব অধ্যাদেশ জারি করেন তা সংসদের বৈঠকে উত্থাপনের এবং ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। গতকালই ছিল সংসদে নিষ্পত্তির শেষ দিন। গত ১২ মার্চ সংসদ অধিবেশন শুরুর দিনে আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে এ ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করেন। পরে অধ্যাদেশগুলো যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়। গত ২ এপ্রিল বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন সংসদে প্রতিবেদন পেশ করেন। ওই প্রতিবেদনে ৯৮টি অধ্যাদেশ হুবহু ও ১৫টি সংশোধিত আকারে পাস করার সুপারিশ করা হয়। এছাড়া চারটি বাতিল ও ১৬টি পরবর্তী সময়ে যাচাই-বাছাইসহ অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়।

বিশেষ কমিটির সুপারিশে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ভবিষ্যতে নতুন বিল আকারে উত্থাপনের সুপারিশ থাকলেও সুপারিশের বাইরে গিয়ে সংসদে বিল তুলে অধ্যাদেশটি রহিতকরণ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে প্রণীত মানবাধিকার কমিশন আইনকে পুনর্বহাল করা হয়েছে। অন্যদিকে কমিটির প্রতিবেদনে পুলিশ কমিশন অধ্যাদেশকে সংশোধিত আকারে বিল পাসের সুপারিশ হলেও এই অধ্যাদেশটি তোলাই হয়নি।

এদিকে বিশেষ কমিটিতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ হুবহু পাসের সুপারিশ হলেও শেষ দিনে তোলা এ সংক্রান্ত বিলটি সংশোধিত আকারে পাস হয়। সরকার দলের একজন সদস্যের সুপারিশে এই বিলে তিনটি সংশোধনী সংসদ গ্রহণ করে এবং সংশোধিত আকারে পাস হয়। বিশেষ কমিটির সিদ্ধান্তের ব্যত্যয় ঘটিয়ে বিলটি সংশোধন হওয়ার কারণে বিরোধী দল এর তীব্র প্রতিবাদ করে।

এদিকে সংসদে বিল পাসের মাধ্যমে যেসব অধ্যাদেশ রহিতকরণ করা হয়েছে সেগুলো হলো—সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, সুপ্রিম বিচারক নিয়োগ সংক্রান্ত, জাতীয় সংসদ সচিবালয় সংক্রান্ত এবং মানবাধিকার কমিশন সংক্রান্ত।

সংসদে উত্থাপন হলেও আইনি সুরক্ষা না দেওয়ার কারণে অন্তর্বর্তী সরকারের যে ১৩টি অধ্যাদেশ বাতিল হয়ে আজ থেকে কার্যকারিতা হারাচ্ছে সেগুলো হলো, গণভোট অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত দুটি অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, কাস্টমস (সংশোধন) অধ্যাদেশ, আয়কর (সংশোধন) অধ্যাদেশ, বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ এবং রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত দুটি অধ্যাদেশ।

বিরোধী দলের ওয়াকআউট

সংসদের বিশেষ কমিটিতে যে ৯৮টি অধ্যাদেশ হুবহু পাসের সমঝোতা হয়েছিল, তা ভঙ্গ করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’ শেষ সময়ে সংশোধন করায়, সরকারি দলের বিরুদ্ধে ছলচাতুরী-জোচ্চুরির অভিযোগ করেছে বিরোধী দল। এরপর আর বিশ্বাস কোথায় থাকল—প্রশ্ন তুলে শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সংসদের বৈঠক থেকে ওয়াকআউট করেন জামায়াত-এনসিপির এমপিরা।

সমঝোতা ভঙ্গের অভিযোগ মেনে নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে দুজনেই বলেন, সরকার নয়, সরকারি দলের একজন এমপি সংশোধনী প্রস্তাব আনেন। সরকারের এতে কিছু করার ছিল না।

তখন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গুম প্রতিরোধ, গণভোটসহ যে ১৬ অধ্যাদেশ পাস করা হবে না, সেগুলোর ওপরও আলোচনা হবে। বিশেষ কমিটি এবং কার্য উপদেষ্টা কমিটিতে এই সমঝোতা হয়েছিল। কিন্তু সমঝোতা রক্ষা করা হয়নি।

এই পর্যায়ে সংসদ নেতা তারেক রহমানের পক্ষে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ফ্লোর নিয়ে বলেন, বাজেট অধিবেশনে ১৬টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে।

এর আগে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দুই দফায় ফ্লোর নিয়ে বলেন, যে ৯৮টি অধ্যাদেশ পরিবর্তন, সংশোধন ছাড়া পাসের সমঝোতা হয়েছিল, এর মধ্যে ছিল ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’। বিরোধী দল সমঝোতা রক্ষা করে, অধ্যাদেশগুলো আইনে পরিণত করতে সহযোগিতা করা হয়েছে। কিন্তু জাদুঘর অধ্যাদেশ নিয়ে দিনেদুপুর ছলচাতুরী, জোচ্চুরি করা হয়েছে।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে উদ্দেশ করে স্পিকার জানতে চান, বিশেষ কমিটিতে সমঝোতা হয়েছিল ৯৮টি অধ্যাদেশ হুবহু পাস করা হবে। যে বিলটিতে সংশোধন করা হয়েছে, তাতে কি সমঝোতা ভঙ্গ করা হয়েছে?

মন্ত্রী তখন বলেন, সংশোধনী যে আসবে, তা আমরাও জানতাম না। তবে তিনি বক্তব্যে স্পষ্ট করেননি, বিশেষ কমিটির সমঝোতা ভঙ্গ করা হয়েছে কি না।

স্পিকার তখন আইনমন্ত্রীর কাছে জানতে চান, সমঝোতা ভঙ্গের অভিযোগ ঠিক কি না? আইনমন্ত্রী বলেন, এটুকু ঠিক আছে। তবে একজন এমপির সংশোধনী দেওয়ার অধিকার আছে। তিনি আধা ঘণ্টা আগে সংশোধনী এনেছেন।

এই বক্তব্যের পর সরকার এবং বিরোধী দলের মধ্যে আধাঘণ্টা ধরে বাহাস হয়। একপর্যায়ে বিরোধীদলীয় নেতা বলেন, সমঝোতা ভঙ্গের দুঃখ নিয়ে ওয়াকআউট করছি।

স্পিকার এই পর্যায়ে বলেন, আপনারা যদি আগে থেকে ওয়াকআউট করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে কিছু বলার নেই। তখন বিরোধীদলীয় নেতা বলেন, এই কথায় আরো দুঃখ পেলাম। আপনার কাছে নিরপেক্ষতা আশা করেছিলাম। ওয়াকআউট করার সময় হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলামরা প্রতারণা! প্রতারণা! বলে স্লোগান দেন।

শেষ দিনে ২৮বিল পাস

গতকাল শেষ দিনে ২৮টি বিল পাস হয়েছে। এগুলো হলো, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের উত্থাপিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উত্থাপিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর উত্থাপিত বাংলাদেশ বনশিল্প করপোরেশন বিল এবং বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) বিল, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উত্থাপিত আমানত সুরক্ষা বিল, দ্য এক্সসাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) বিল, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল, বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল, ব্যাংক রেজুলেশন বিল এবং অর্থ (২০২৫-২৬) অর্থবছর বিল, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উত্থাপিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) বিল; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম উত্থাপিত জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল এবং সাইবার সুরক্ষা বিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উত্থাপিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের উত্থাপিত নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল, সরদার মো. সাখাওয়াত হোসেন উত্থাপিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংরক্ষণ) বিল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান উত্থাপিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল পাস হয়েছে।

সংসদের বৈঠক আগামী ১৫ এপ্রিল বেলা ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্তাফিজদের গুঁড়িয়ে রানা ও শরীফুলদের জয় উৎসব

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১০

শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে : শিক্ষামন্ত্রী

‘হাওয়া’র রেকর্ড ভাঙার দৌড়ে ‘বনলতা এক্সপ্রেস’

দিনাজপুরে পৃথক অভিযানে ১১১৩ বোতল মাদকদ্রব্য জব্দ, গ্রেফতার ১

ঘরে বসে বিভিন্ন দেশের অনলাইন জুয়ার সাইট পরিচালনা, গ্রেপ্তার ৩

গোবিন্দগঞ্জে বাসদ এর কেন্দ্রীয় নেতা আব্দুল মতিন তালুকদারের ১৫ তম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভা অনুষ্ঠিত

দূর্যোগে ক্ষতিগ্রস্থ হলে দলমত নির্বিশেষে সাহায্য পাবে,পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ইনজুরিতে পিএসএল থেকে ছিটকে গেলেন পারভেজ ইমন

কুড়িগ্রামে গাঁজার গাছসহ মাদক কারবারি গ্রেফতার

১০

চ্যাম্পিয়ন্স লিগে শেষ হাসি কে হাসবে: অ্যাটলেটিকো মাদ্রিদ নাকি বার্সেলোনা

১১

যুদ্ধে আঘাত পেয়ে মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’

১২

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন জুলাই আন্দোলনের ফারজানা সিথী

১৩

মার্চে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৫৩২ জন

১৪

ব্রাজিলের কাছে ৩ গোলে হারল আর্জেন্টিনা, ম্যাচ শেষে হাতাহাতি

১৫

কু‌ড়িগ্রা‌মে ট্রাক্ট‌রের ধাক্কায় অ‌টোচাল‌কের মৃত‌্যু, আহত ৪

১৬

উলিপুরে সাড়ে ২৭ কেজি গাঁজা ও সিএনজি জব্দ

১৭

ঠাকুরগাঁও সদরে পৃথক দুই স্থানে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

১৮

কুড়িগ্রামে সড়ক খানাখন্দে ভরা, ভোগান্তি আর দুর্ভোগে ব্যবসায়ীসহ হাজারো মানুষ

১৯

হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন

২০