

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল তেল ও ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ০৯ এপ্রিল ২০২৬ তারিখে পৃথক দুইটি অভিযানে বাগভান্ডার বিওপি ও অনন্তপুর বিওপির টহলদল এসব জব্দ করতে সক্ষম হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাত ১০টা ৩০ মিনিটে বাগভান্ডার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার ভোটহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে ড্রামভর্তি ডিজেল তেল পরিবহনের সময় বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় তল্লাশি চালিয়ে ৪৮০ লিটার ডিজেল তেল জব্দ করা হয়।
অপরদিকে, একইদিন বিকাল ৩টা ৩০ মিনিটে অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পশ্চিম অনন্তপুর এলাকায় বিশেষ টহল পরিচালনার সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা তাদের সাথে থাকা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৩১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, জ্বালানি তেল পাচার ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন।
সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন