আরসিটিভি ডেস্ক 

স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান অনিবার্য কারণবশত পেছানো হয়েছে। পূর্বনির্ধারিত ৯ এপ্রিলের পরিবর্তে আগামী ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, পুননির্ধারিত তারিখের জন্য নতুন করে কোনো আমন্ত্রণপত্র প্রেরণ করা হবে না। ৯ এপ্রিলের অনুষ্ঠানের জন্য যেসব আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল, সেগুলো ব্যবহার করেই ১৬ এপ্রিলের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে।
উল্লেখ্য, প্রতি বছর জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে থাকে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এ বছর সর্বোচ্চ এই রাষ্ট্রীয় সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।
মন্তব্য করুন