আরসিটিভি ডেস্ক 

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাড়িতে ঢুকে এক পরিবারের উপর হামলা, মারধর ও এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সামছুল হক (৫০) তার প্রতিবেশী সোলেমান মিয়াসহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, রবিবার (৫ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা সামছুল হকের বাড়ির উঠানে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় গালিগালাজে বাধা দিলে সোলেমান মিয়ার নির্দেশে অন্যরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে।
এ সময় তাকে রক্ষার জন্য এগিয়ে আসলে তার মেয়ে মিথিলা আক্তারকেও মারধর করা হয়। একপর্যায়ে সোলেমান মিয়া তার মেয়ের শরীরে আঘাত করার পাশাপাশি তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। পরে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। এমনকি সামছুল হককে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগও করা হয়েছে।
ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তীতে আহত মিথিলা আক্তারকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী সামছুল হক জানান, আমার বাড়িতে ঢুকে তারা আমাদেরকে মারধর করেছে। আমার মেয়ের শীলতাহানি ঘটিয়েছে। অথচ এখন শুনতে পারতেছি তারা প্রভাবশালী হওয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার জন্য থানায় গিয়েছে আমি এর ন্যায্য বিচার চাই।
অভিযুক্ত সোলেমান মিয়া বলেন, এসব মিথ্যা বানোয়াট কথা। সামান্য কথা কাটাকাটি হয়েছে মাত্র। আমরা সমাধান করে নেব।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি নুরুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন