স্পোর্টস ডেস্ক 

চলতি বছরের হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনো পুরোপুরি নিশ্চিত নয়। অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের চলমান সংঘাত পরিস্থিতিটি আরও জটিল করে তুলেছে।
তাছাড়া ইরানের নির্ধারিত সব ম্যাচই যুক্তরাষ্ট্রের ভেন্যুতে পড়েছে। এ কারণে তারা ম্যাচগুলো অন্য আয়োজক দেশে, অর্থাৎ মেক্সিকো বা কানাডায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও ফিফা জানিয়েছে, সূচি পরিবর্তনের সুযোগ নেই। তবুও এই অনিশ্চয়তার মধ্যেই বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইরানের জাতীয় ফুটবল দল।
বুধবার দক্ষিণ তুরস্কে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নেমেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও তাদের এই প্রস্তুতি বিশেষভাবে নজর কাড়ছে। আনতালিয়ার বেলেক এলাকায় দলটির অনুশীলন ছিল বেশ গোপনীয়, যেখানে গণমাধ্যমকেও প্রবেশ করতে দেওয়া হয়নি।
আনতালিয়ায় শুক্রবার নাইজেরিয়া এবং পরের মঙ্গলবার কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইরান। তার আগে পর্যন্ত বেলেকেই তাদের অনুশীলন চলবে এবং তা সাধারণের দৃষ্টির বাইরে রাখা হবে। খেলোয়াড় ও কোচিং স্টাফদের কাউকেই গণমাধ্যমে কথা বলার অনুমতি দেওয়া হয়নি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আসন্ন প্রতিযোগিতামূলক ম্যাচের প্রস্তুতিতেই পুরো মনোযোগ দিচ্ছে।
আগে এই দুটি প্রীতি ম্যাচ জর্ডানে হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে সংঘাত বেড়ে যাওয়ায় তা তুরস্কে সরিয়ে নেওয়া হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, অনুশীলনের সময় খেলোয়াড় ও স্টাফদের বেশ স্বতঃস্ফূর্ত ও হাসিখুশি দেখা গেছে।
এর আগে ইরান ফুটবল ফেডারেশন তাদের বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে আয়োজনের দাবি জানায়। সংস্থাটির সভাপতি মেহদি তাজ সামাজিক মাধ্যমে বলেন, যুক্তরাষ্ট্র ইরান দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না—এমন মন্তব্যের পর সেখানে খেলা সম্ভব নয়। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট করেছেন, এখন আর বিশ্বকাপের সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না।
মন্তব্য করুন