স্পোর্টস ডেস্ক 

রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়র। লস ব্লাঙ্কোসদের হয়ে ইতোমধ্যেই অনেক শিরোপা জিতেছেন তিনি। স্প্যানিশ জায়ান্টদের অন্যতম সেরা ফুটবলার ব্রাজিলিয়ান এই তারকা। তবে ক্লাবে সাফল্য পেলেও জাতীয় দলে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি এই তারকা। ব্রাজিলের জার্সি গায়ে খেলতে নামলেই যেন নিজের ছায়া হয়ে থাকেন তিনি। তবে এবার সেলেসাওদের হয়েও নিজেকে প্রমাণ করতে চান তিনি।
ভিনি বলেছেন, এখন তিনি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাসী ও স্বস্তিতে আছেন এবং ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে পাওয়া সাফল্য জাতীয় দলেও এনে দিতে চান।
২৫ বছর বয়সী এই উইঙ্গারের মৌসুমটা ছিল উত্থান-পতনে ভরা। ২০২৫-২৬ মৌসুমের শুরুতে টানা ১৬ ম্যাচে গোলশূন্য ছিলেন, এমনকি সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শকদের একাংশের দুয়োও শুনতে হয়েছে তাকে। তবে সেই কঠিন সময় এখন পেছনে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৪৩ ম্যাচে ১৭ গোল ও ১৩ অ্যাসিস্ট করে আবার ছন্দে ফিরেছেন তিনি।
ক্লাব পর্যায়ে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা জয়ের স্বাদ পেলেও ব্রাজিলের হয়ে তার পরিসংখ্যান তুলনামূলক ম্লান- ৪৫ ম্যাচে মাত্র ৮ গোল। তবে দ্বিতীয় বিশ্বকাপ সামনে রেখে এবার জাতীয় দলের হয়েও নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছেন ভিনিসিয়ুস।
তিনি বলেন, “আমি এখন অনেক বেশি স্বস্তিতে আছি, অনেক বেশি খুশি। আমি যখন খুশি থাকি, তখন আমার চারপাশের সবাইও আত্মবিশ্বাসী হয়ে ওঠে।”
জাতীয় দল নিয়ে নিজের লক্ষ্য স্পষ্ট করে ভিনিসিয়ুস বলেন, “রিয়ালের হয়ে আমি যা করি, সেটাই ব্রাজিলের হয়েও করতে চাই। এটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য। ছোটবেলা থেকেই এখানে খেলার স্বপ্ন দেখেছি, আর দেশের জন্য গর্ব ও আনন্দ বয়ে আনতে চাই।”
২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর নতুন করে সাফল্যের খোঁজে আছে ব্রাজিল। তবে বাইরের চাপ নিয়ে ভাবতে চান না ভিনিসিয়ুস। তার ভাষায়, “আমি জানি আমি কী করতে পারি এবং বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে কতটা পরিশ্রম করেছি।”
মন্তব্য করুন