আন্তর্জাতিক ডেস্ক 

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্তে জাপানের ওকিনাওয়া বন্দর থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনাল ইউনিটের ২,৫০০ জন সদস্য ইতিমধ্যে যাত্রা শুরু করেছেন। এই বিশাল বাহিনীটি উভচর আক্রমণকারী জাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’র মাধ্যমে নির্দিষ্ট যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে।
সামরিক বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে চলমান যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। যদিও মেরিন সেনারা সাধারণত সমুদ্র এবং স্থল—উভয় ক্ষেত্রেই কাজ করে, তবে এই প্রথম সুনির্দিষ্টভাবে স্থল অভিযানের উদ্দেশ্যে তাদের মোতায়েন করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, কোনো জরুরি পরিস্থিতির মোকাবিলা করা অথবা ইরানের ভূখণ্ডের নির্দিষ্ট কোনো অংশ নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যেই এই বাহিনীকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে।
এই মোতায়েনের মধ্য দিয়ে এটি স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এই যুদ্ধে তাদের সামরিক উপস্থিতি এবং আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে, পেন্টাগনের এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন এই সংঘাত অদূর ভবিষ্যতে শেষ করার কোনো পরিকল্পনা করছে না, বরং একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।
মন্তব্য করুন