অবসরের ঘোষণা দিলেন দিমুথ করুণারত্নে
শততম টেস্ট খেলার দোরগোড়ায় দাঁড়িয়ে দিমুথ করুণারত্নে। খুব শিগগিরই নাম লেখাতে চলেছেন অভিজাত সেই তালিকায়। তবে এটাই হতে যাচ্ছে তাঁর শেষ ম্যাচ। গল টেস্টের পর আর শ্রীলঙ্কার হয়ে মাঠে নামবেন না বলে ঘোষণা দিয়েছেন এই অভিজ্ঞ ওপেনার।
আগামী ৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে শ্রীলঙ্কা। আর এটিই হবে করুণারত্নের আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি।
বেশ কিছুদিন ধরেই ব্যাট হাতে ছন্দে ছিলেন না করুণারত্নে। বাদ পড়ার শঙ্কাও ছিল। ৩৬ বছর বয়সে নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার পরিবর্তে বিদায় নেওয়াকেই শ্রেয় মনে করেছেন এই বাঁহাতি ব্যাটার।
২০১১ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল করুণারত্নের। তবে ২০১৫ সাল থেকে তিনি নিয়মিত ওপেনার হিসেবে খেলতে শুরু করেন এবং হয়ে ওঠেন শ্রীলঙ্কার ব্যাটিং ভরসা।
গত এক দশকে টেস্ট ক্রিকেটে ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন করুণারত্নে। একই সময়ে ওপেনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ১৫টি সেঞ্চুরির মালিক তিনি। পাশাপাশি, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ওপেনারদের মধ্যে সর্বোচ্চ ৩৪টি অর্ধশতকও এসেছে তাঁর ব্যাট থেকে।
শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ৯৯টি টেস্টে ১৮৯ ইনিংসে ব্যাট করে ৩৯.৪০ গড়ে ৭১৭২ রান করেছেন করুণারত্নে। তাঁর ঝুলিতে রয়েছে ১৬টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরি। ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস ২৪৪ রান, যা তিনি করেছিলেন বাংলাদেশের বিপক্ষে।
গল টেস্টের পর করুণারত্নে হয়তো আর লংকান জার্সিতে দেখা যাবে না, তবে তাঁর অবদান শ্রীলঙ্কার ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মন্তব্য করুন