স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেরা বোলিংয়ের কীর্তি তাসকিন আহমেদের। সর্বশেষ আসরে দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। সেই দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ ‘ইএসপিএন-ক্রিকইনফো অ্যাওয়ার্ড ২০২৫’ জিতে নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার।
বৃহস্পতিবার (১২ মার্চ) ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইটটি বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৫ সালের সেরা পারফরমার নির্বাচিত করেছে। তাসকিনের বোলিংটা ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে গত বছরের সেরা বোলিং নির্বাচিত হয়েছে। এছাড়া ছেলেদের বর্ষসেরা অধিনায়ক টেম্বা বাভুমা ও মেয়েদের বর্ষসেরা অধিনায়ক নির্বাচিত হয়েছেন হারমানপ্রীত কৌর।
লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ দক্ষিণ আফ্রিকা জেতে টেম্বা বাভুমার নেতৃত্বেই। তাতে করে ২৭ বছর পর কোনো আইসিসি ইভেন্টের শিরোপাখরা কেটে যায় প্রোটিয়াদের। আর হারমানপ্রীতের নেতৃত্বে ভারত প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ২০২৫ সালেই। এছাড়া মেয়েদের আইপিএলেও মুম্বাইকে শিরোপা জেতান তিনি।
যে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা উঁচিয়ে ধরে দক্ষিণ আফ্রিকা, সেই টেস্টে এইডেন মার্করামের ব্যাটিং ক্রিকইনফোর দৃষ্টিতে ক্রিকেটের রাজকীয় সংস্করণে বর্ষসেরা। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ২০৭ বলে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন মার্করাম। ১৯৯৮ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের ২৭ বছর পর দক্ষিণ আফ্রিকা আরও এক আইসিসি ইভেন্ট জেতায় লর্ডসে ফাইনালসেরা পুরস্কার পেয়েছিলেন তিনি।
অন্যদিকে, অ্যাশেজে ইংল্যান্ডকে একাই গুঁড়িয়ে দেওয়া মিচেল স্টার্ক জিতেছেন টেস্টে সেরা বোলিংয়ের পুরস্কার। পার্থে মাত্র ৫৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন এই অজি গতিদানব। ওয়ানডে ব্যাটিংয়ে ইতিহাস গড়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর করা ১৭৭ রানের ইনিংসটি বর্ষসেরা নির্বাচিত হয়েছে। ভারতের বরুণ চক্রবর্তী জিতেছেন ওয়ানডে বোলিংয়ের পুরস্কার।
লিটন দাস, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দীপু, চতুরঙ্গ ডি সিলভা, আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভম রানজানে—২০২৫ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের এই সাত ব্যাটারের উইকেট নিয়েছিলেন তাসকিন। ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নিয়ে তাসকিন পেয়েছিলেন ম্যাচসেরারও পুরস্কার।
এবারের পুরস্কারের জন্য জুরি বোর্ডে ছিলেন ইয়ান বিশপ, শেন বন্ড, ডেল স্টেইন ও আকাশ চোপড়ার মতো কিংবদন্তিরা। মোট ৮ জন ভারতীয় ক্রিকেটার বিভিন্ন বিভাগে সেরা হয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়া থেকে ৩ জন এবং দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন ক্রিকেটার এই তালিকায় স্থান করে নিয়েছেন।
একনজরে প্রধান বিজয়ীরা :
বর্ষসেরা অধিনায়ক (পুরুষ): টেম্বা বাভুমা (দক্ষিণ আফ্রিকা)
বর্ষসেরা অধিনায়ক (নারী): হারমানপ্রীত কৌর (ভারত)
টেস্ট ব্যাটিং: এইডেন মার্করাম (১৩৬ বনাম অস্ট্রেলিয়া)
টেস্ট বোলিং: মিচেল স্টার্ক (৭/৫৮ বনাম ইংল্যান্ড)
টি-টোয়েন্টি লিগ বোলিং: তাসকিন আহমেদ (৭/১৯, বিপিএল)
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ব্যাটিং: ফিল সল্ট (১৪১ বনাম দক্ষিণ আফ্রিকা)
টি-টোয়েন্টি আন্তর্জাতিক বোলিং: কুলদীপ যাদব (৪/৩০ বনাম পাকিস্তান)
মন্তব্য করুন