আন্তর্জাতিক ডেস্ক 

মধ্যপ্রাচ্যে নতুন করে হামলার ৪০তম ধাপ শুরু করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, এই হামলায় ইসরায়েল এবং অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়েছে।
ইরানের সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’ এক বিবৃতিতে জানায়, এ অভিযানে ড্রোন ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে কাদের, এমাদ, খেইবার শেকান ও ফাত্তাহ ক্ষেপণাস্ত্র রয়েছে।
ইরানের দাবি, এসব ক্ষেপণাস্ত্র তেলআবিব, জেরুজালেম ও হাইফাসহ ইসরায়েলের বিভিন্ন স্থানে নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি জর্ডানের আল-আজরাক এবং সৌদি আরবের আল-খারজে থাকা মার্কিন সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু ছিল।
এদিকে উপসাগরীয় কয়েকটি দেশ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কয়েকটি ড্রোন প্রতিহত করেছে। একটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় পড়ে।
সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলা করছে।
মন্তব্য করুন