লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে মাদক ও অন্যান্য মালামাল চোরাচালানের চেষ্টা হতে পারে—এমন তথ্য পেয়ে ভিন্ন ভিন্ন বিওপির পাঁচটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে ৪ মার্চ ২০২৬ রাত ৮টা ৪০ মিনিটে বালারহাট বিওপির আওতাধীন বালাটারী (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম), ৫ মার্চ ভোর ৩টা ২০ মিনিটে রামখানা বিওপির আওতাধীন সরকারটারী (থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম) এবং সকাল ৭টা ১০ মিনিটে ঝাউরানী বিওপির আওতাধীন উত্তর ঝাউরানী (থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট) এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালানো হয়।
এসময় সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের বহনকৃত মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় ইস্কাফ সিরাপ ১৯৯ বোতল, ফেয়ারডিল সিরাপ ৫৬ বোতল এবং ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

এছাড়া মোগলহাট বিওপি কর্তৃক ৪ মার্চ রাত ৯টা ২০ মিনিটে চরফলিমারি এবং ৫ মার্চ সকাল ৭টায় কর্নপুর (থানা ও জেলা-লালমনিরহাট) এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এ সময়ও বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী ও হ্যাপিগোল্ড মদ ১৯ বোতল জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদক ও মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ইস্কাফ সিরাপ ১৯৯ বোতল, ফেয়ারডিল সিরাপ ৫৬ বোতল, মদ ১৯ বোতল, ৫ কেজি গাঁজা এবং বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী সামগ্রী। এসবের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২৫ হাজার ৯০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন