ঠাকুরগাঁও প্রতিনিধি 

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ঠাকুরগাঁও-এর বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য সেমাই কারখানা। চাহিদা বৃদ্ধির কারণে রাতদিন চলছে উৎপাদন। তবে এসব কারখানার অনেকগুলোতেই অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরির অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, ঠাকুরগাঁও রোড মথরাপুর এলাকায় আনিশ লাচ্ছা, ঠাকুরগাঁও নিমবাড়ি এলাকায় ইভা লাচ্ছা সেমাই এবং ঠাকুরগাঁও চৌদ্দহাত কালীতলা এলাকায় ভাই ভাই লাচ্ছা সেমাই নামের কয়েকটি কারখানায় স্বাস্থ্যবিধি না মেনেই উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কোথাও খালি গায়ে শ্রমিকরা লাচ্ছা তৈরি করছেন, আবার কোথাও ময়লা ও পুনর্ব্যবহৃত তেল দিয়ে সেমাই ভাজা হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অনেক কারখানায় অপরিচ্ছন্ন ঘরে উৎপাদন, খোলা জায়গায় সেমাই শুকানো, বিশুদ্ধ পানির অভাব এবং প্রয়োজনীয় স্যানিটেশন ব্যবস্থা না থাকার মতো নানা অনিয়ম চোখে পড়ছে। এতে করে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি নজরদারি, নিয়মিত পরিদর্শন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মন্তব্য করুন