লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—চোরাকারবারীরা সীমান্ত পথে মাদক চোরাচালানের প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টায় অনন্তপুর বিওপির আওতাধীন নাগরাজ এলাকায় (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল।
অভিযান চলাকালে টহলদল সন্দেহজনক কয়েকজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করলে তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা তাদের বহনকৃত মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। চোরাচালান ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে ১৫ বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
মন্তব্য করুন