আরসিটিভি ডেস্ক 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় খালের কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় শিমুল হোসেন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের একটি খালে স্থানীয়রা কচুরিপানার মধ্যে মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
শিমুল হোসেন মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৭ থেকে ৮ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন