আন্তর্জাতিক ডেস্ক 

পবিত্র রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল।ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি এবং সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমন তথ্য জানিয়েছেন।
আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ একরিমা সাবরি বলেছেন, গত কয়েক দিনে বেশ কয়েক ডজন মুসলিম তরুণকে আল-আকসায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং ইসরায়েলের পুলিশসূত্রে আমরা জানতে পেরেছি যে সামনের রমজান মাসে এই বিধিনিষেধ আরও কঠোর করা হবে। ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান। মুসলিমরা হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে রমজান মাসকে স্বাগত জানায়; কিন্তু বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে, দখলদার শক্তি আসন্ন রমজান মাসে আল-আকসা মসজিদে আসতে ইচ্ছুক মুসলিমদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও পিছপা হবে না। তাদের এই পদক্ষেপ দুঃখজনক।
দৈনিক হারেৎজ জানিয়েছে, রমজানে আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে আছে। গত জানুয়ারির প্রথম সপ্তাহে মেজর জেনারেল আভশালোম পেলেড ইসরায়েলি পুলিশের অবরুদ্ধ পূর্ব জেরুজালেম শাখার শীর্ষ কমান্ডারের পদে আসার পর থেকেই এ পরিকল্পনা নিয়েছিলেন সার্বভৌম এই ভূখণ্ডটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভির।
মন্তব্য করুন