আরসিটিভি ডেস্ক 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ এবং অবাধ করতে গাজীপুরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। জেলাজুড়ে পুলিশ, সেনাবাহিনী, আনসার ও বিজিবিসহ বিভিন্ন বাহিনীর প্রায় ১৮ হাজার ৫০০ সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী পৌঁছানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নির্দিষ্ট অবস্থানে উপস্থিত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।
তিনি জানান, গাজীপুরে পোস্টাল ব্যালট কেন্দ্রসহ মোট ৯৪০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মোট ১৮ হাজার ৫০০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে সংসদীয় আসন: ৫টি; মোট প্রার্থী: ৪২ জন; মোট ভোটার সংখ্যা: ২৭ লাখ ৩৮ হাজার ২৪৯ জন; ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৪৪০টি।
পুলিশ প্রশাসন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন