দিনাজপুর প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে টানা তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার বিকেলে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত থাকবে। এর সঙ্গে ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ১৪ ফেব্রুয়ারি শনিবার থেকে পুনরায় বন্দর দিয়ে স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম চালু হবে।
এ বিষয়ে হিলি স্থলবন্দর পানামা পোর্ট লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো.আব্দুর রহমান জানান, নির্বাচন উপলক্ষে দুই দিন এবং সাপ্তাহিক ছুটিসহ মোট তিন দিন বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
তবে তিনি আরও জানান, ইমিগ্রেশন কার্যক্রম ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময় ছাড়া অন্যান্য দিন আগের নিয়মে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
মন্তব্য করুন