বিনোদন ডেস্ক 

রাজকীয় আয়োজনে আজ বিয়ের পিঁড়িতে বিজয়–রাশমিকা, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। আজ (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বসছে তাদের বিয়ের আসর। তারকা দম্পতির জীবনের এই বিশেষ মুহূর্তে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
প্রধানমন্ত্রীর পাঠানো এক শুভেচ্ছাবার্তায় বিজয় ও রাশমিকা এবং তাদের দুই পরিবারকে অভিনন্দন জানানো হয়েছে। চিঠিতে মোদী উল্লেখ করেন, বিয়ের আমন্ত্রণ পেয়ে তিনি আনন্দিত ও সম্মানিত বোধ করেছেন। তিনি লেখেন, এই শুভ আয়োজন দুই পরিবারের জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত এবং তিনি নবদম্পতির জন্য আন্তরিক শুভকামনা জানাচ্ছেন।
মোদী আরও বলেন, এই বিবাহ বিজয় ও রাশমিকার জীবনে এক নতুন ও সুন্দর অধ্যায়ের সূচনা। ‘সপ্তপদী’র চেতনার কথা উল্লেখ করে তিনি বোঝান, সাত পদ একসঙ্গে অগ্রসর হওয়ার মধ্য দিয়ে দম্পতি আজীবনের সঙ্গী হয়ে ওঠেন। তিনি আরও মন্তব্য করেন, দুজনই চলচ্চিত্র জগতে সুপরিচিত হলেও তাদের বাস্তব জীবনের এই প্রেমময় অধ্যায় নিঃসন্দেহে পর্দার রোম্যান্সকেও ছাড়িয়ে যাবে।
চিঠির শেষাংশে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনগুলো ভাগাভাগি করা স্বপ্ন, দায়িত্ব ও ভালোবাসায় পরিপূর্ণ হোক। একে অপরের শক্তি থেকে শিক্ষা নিয়ে এবং অপূর্ণতাকে গ্রহণ করে তারা যেন সত্যিকারের অংশীদার হিসেবে জীবনযাত্রা এগিয়ে নিতে পারেন—এমনই আশীর্বাদ জানান তিনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্টের মাধ্যমে বিয়ের ঘোষণা দেন বিজয় ও রাশমিকা। ভক্তদের দেওয়া জনপ্রিয় নাম ‘বিরোশ’-এর উল্লেখ করে তারা জানান, আনুষ্ঠানিক পরিকল্পনার আগেই ভক্তদের ভালোবাসা তাদের একসূত্রে বেঁধেছে।
মন্তব্য করুন