আরসিটিভি ডেস্ক 

রাজধানীর আদাবরে বাসার মালিকের স্বর্ণ ও রুপা চুরির ঘটনায় গৃহকর্মী রেহানা পারভীন ওরফে রিনাকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার পৈতৃক বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জে অভিযান চালিয়ে চুরি যাওয়া বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদাবরে বাসার মালিকের স্বর্ণ ও রুপা চুরির ঘটনায় আদাবর থানায় একটি মামলা (মামলা নং-১) দায়ের হয়। এরই ধারাবাহিকতায় গত ৬ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আদাবর থানার শেখেরটেক-২ এলাকার সি/৬৫ নম্বর বাসার নিচতলার ৩ নম্বর কক্ষ থেকে গৃহকর্মী রেহানা পারভীনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে চোরাই মালামাল উদ্ধারের জন্য সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন এলাকায় তার পৈতৃক বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, অভিযানে চুরি হওয়া ১ জোড়া স্বর্ণের কানের দুল (ওজন আনুমানিক ৮ আনা ৩ পয়েন্ট), যার মূল্য প্রায় ১,২২,০০০ টাকা; ১টি স্বর্ণের আংটি (ওজন আনুমানিক ২ আনা ৫ রতি ৩ পয়েন্ট), মূল্য প্রায় ৪৩,০০০ টাকা; ১ জোড়া স্বর্ণের কানের দুল (ওজন আনুমানিক ৩ আনা ৫ রতি ৭ পয়েন্ট), মূল্য প্রায় ৬৩,০০০ টাকা; ১টি স্বর্ণের কানের দুল (ওজন ২ আনা ২ রতি ৩ পয়েন্ট), মূল্য প্রায় ৩৭,০০০ টাকা; স্বর্ণের প্রলেপ দেওয়া রুপার তৈরি ১ জোড়া চুড়ি (ওজন ২ ভরি ৬ আনা ৫ রতি ৮ পয়েন্ট), মূল্য প্রায় ১১,০০০ টাকা; স্বর্ণের প্রলেপ দেওয়া রুপার তৈরি ১ জোড়া কানটানা (ওজন ১৪ আনা ২ রতি ২ পয়েন্ট), মূল্য প্রায় ৪,০০০ টাকা এবং নগদ ১০,০০০ টাকা উদ্ধার করা হয়।
মন্তব্য করুন