আরসিটিভি ডেস্ক 

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর বাবা ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রউফ চৌধুরী।
শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়ে লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। আইনের সঠিক প্রয়োগ এবং সুশাসন প্রতিষ্ঠা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর অন্যতম প্রধান অঙ্গীকার হিসেবে জানা গেছে।
এর আগে ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে অ্যাটর্নি জেনারেল পদটি খালি রয়েছে।
মন্তব্য করুন