স্পোর্টস ডেস্ক 

বিপিএলে সর্বশেষ আসরে খেলেননি বাংলাদেশের তারকা লেগস্পিনার রিশাদ হোসেন। ওই সময়ে তিনি অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলেছেন। হোবার্ট হারিকেন্সের হয়ে তাসমান সাগরের ক্রিকেট মাতিয়ে দেশে ফিরেছেন রিশাদ। সেখানে তার সঙ্গে দেখা হয় অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং, ব্রেট লি, ডেভিড ওয়ার্নার এবং এখনও খেলে যাওয়া স্টিভেন স্মিথের সঙ্গে। তাদের সঙ্গে আলাপের অভিজ্ঞতা জানালেন রিশাদ।
গতকাল (বৃহস্পতিবার) তিনি ধূমকেতুর হয়ে অদম্য টি-টোয়েন্টি লিগে খেলতে নেমেছিলেন। বল হাতে শিকার করেন ৩ উইকেটও। পরে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে অস্ট্রেলিয়া থাকাকালে অজি কিংবদন্তিদের কাটানো মুহূর্ত নিয়ে কথা বলেছেন। ব্রেট লি ও রিকি পন্টিংয়ের সঙ্গে তৈরি হওয়া স্মৃতি প্রসঙ্গে রিশাদ বলে, ‘ছবি আমি তুলতে চাইনি। আমি বোলিং করছিলাম। উনারা ডাকছিলেন– এদিকে আসো। এমনি কথা বলছিলাম… ওরা অনেক ফ্রেন্ডলি এবং ওদের থেকে অনেক কিছু শেখার আছে। চেষ্টা করেছি যতটুকু সম্ভব কথা বলার এবং শেখার।’
রিশাদকে দলে নেওয়ার পেছনে বড় অবদান ছিল হোবার্ট হারিকেন্সের হেড অব স্ট্র্যাটেজি রিকি পন্টিংয়ের। সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে আলাপের কথা জানিয়ে রিশাদ বলেন, ‘প্রতিদিনই তো দেখা হতো, এক দলেই যেহেতু। টুকটাক কথা হয়েছে, অনেক কথাই শেয়ার হয়েছে।’ অস্ট্রেলিয়ার সাবেক তারকারা বাংলাদেশি ক্রিকেটারদের বাইরের লিগে কম দেখার কারণও জানতে চান রিশাদের কাছে, ‘ওরা জিজ্ঞেস করছিল– বাংলাদেশে তো অনেক ট্যালেন্টেড প্লেয়ার, তারা বাইরে খেলে না কেন। আমি বলেছি– সুযোগ আসলে খেলবে। আমার মনে হয় ওরাও আগ্রহী, যদি সুযোগ দিতে পারে।’

স্মিথ-ওয়ার্নারের প্রশংসা করে বাংলাদেশের এই তারকা লেগস্পিনার বলেন, ‘আমার মনে হয়, ওরা অনেক বিনয়ী। যত বড় ক্রিকেটারই হোক, অনেক সাদাসিধে, সরল। যে কাউকে সহজে মানিয়ে নেয়। বড়-ছোট দেখে না। এটা ভালো লেগেছে। চেষ্টা করব এরকম থাকার (হওয়ার)।’
বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও দেখা হয়েছিল রিশাদের, ‘(সাবেক কোচের সঙ্গে) দেখা হয়েছে অবশ্যই, আপনারা হয়তো জানেন। কথা হয়েছে (তার সঙ্গে)। বলছিলাম সামনে আরও কী করা যায়, যেহেতু উনি অস্ট্রেলিয়ায় থাকে। চেষ্টা করছিলাম উনার কাছ থেকে আরও ২-১টা পরামর্শ নেওয়ার জন্য। এর বেশি কথা হয়নি।
মন্তব্য করুন