আরসিটিভি ডেস্ক 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে আসবেন। এ উপলক্ষ্যে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হবে ফরিদপুর বিভাগীয় নির্বাচনি জনসভা। নির্ধারিত সময় অনুযায়ী ওইদিন দুপুর ১টা ৪৫ মিনিটে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তারেক রহমান।
বিএনপি সূত্রে জানা গেছে, এ জনসভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা— ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর— থেকে দলটির মনোনীত ১৫ জন সংসদ সদস্য পদ প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ জনসভাকে বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছে।
জনসভাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণ, মাইকিং, ব্যানার-ফেস্টুন, আলোকসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থায় ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। দলীয় সূত্র জানায়, জনসভাকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের সদস্যদের সমন্বয়ে আলাদা টিম গঠন করা হয়েছে।
বিএনপি নেতারা আশা করছেন, এ জনসভায় পাঁচ জেলার কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন। বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে ফরিদপুরে আসার কথা রয়েছে।
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন বলেন, বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে ফরিদপুর বিভাগীয় জনসভায় তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, এই জনসভা ফরিদপুর বিভাগের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদাররেস আলী ঈসা বলেন, আমরা সব রকম প্রস্তুতি গ্রহণ করেছি, আশা করছি আগামীকালের জনসভায় ২ লক্ষাধিক মানুষের সমাগম হবে। এ সময় সমাবেশ স্থল ও এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রত্যাশা করছি।
এ বিষয়ে ফরিদপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ফরিদপুরে আগামীকাল একটি নির্বাচনি জনসভায় অংশ নিয়ে মতবিনিময় করবেন। এছাড়া আগামী ৬ তারিখে বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব আরো একটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন। এই দুইটি বড় জনসভাকে কেন্দ্র করে ফরিদপুর শহর ও এ অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এক্ষেত্রে পুলিশের সঙ্গে অনন্যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কাজ করছেন। আমরা আশা করছি বড় দুটি সমাবেশ সহ নির্বাচনি সব প্রচারণায় ফরিদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর এবং স্বাভাবিক থাকবে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গুরুত্ব পাবে। পাশাপাশি নির্বাচনী রূপরেখা ও দলীয় প্রার্থীদের প্রতি দিকনির্দেশনাও আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সব মিলিয়ে ফরিদপুর বিভাগীয় এই জনসভা বিএনপির শক্তি প্রদর্শনের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেবে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য করুন