আরসিটিভি ডেস্ক 

মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসের পুরো সময় ধরে বন্ধ থাকবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। শিক্ষা মন্ত্রণালয়ের আপিলের ওপর শুনানি শেষে আসবে এ চূড়ান্ত সিদ্ধান্ত।
রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল।
এর আগে ১৫ ফেব্রুয়ারি বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের শুনানিতে রোজায় সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার আদেশ দেন।
হাইকোর্টের দেওয়া সেই আদেশের ফলে পুরো রমজান মাসে সব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকেই বন্ধ থাকার কথা ছিল। তবে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালতে আবেদন করলে হাইকোর্টের সেই আদেশটি সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্থগিত করে দেওয়া হয়।
তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে আদালতের আদেশে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। ফলে রমজানে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ থাকবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মন্তব্য করুন