ইজতেমা ময়দানের ২ কিলোমিটারের মধ্যে ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিশ্ব ইজতেমা ময়দানের দুই কিলোমিটার এলাকার মধ্যে ড্রোন, ড্রোন ক্যামেরা অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস উড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
রোববার রাতে জিএমপি এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা ময়দানে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা চলমান রয়েছে, যেখানে দেশ-বিদেশের লক্ষ লক্ষ মুসল্লির সমাগম হয়। মুসল্লিদের নিরাপত্তা এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ২ (দুই) কিলোমিটার এলাকার মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) অনুমতি ছাড়া ২ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন, ড্রোন ক্যামেরা অথবা ভিডিওসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার বা উড়ানো নিষিদ্ধ। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া, রোববার আখেরি মোনাজাত চলাকালে ড্রোন আতঙ্কের কারণে হুড়োহুড়িতে শতাধিক মুসল্লি আহত হন। তাদের মধ্যে ৪২ জনকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ রোববার সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত ২৪ মিনিটের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এরপর ৩ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে এবং ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
৮ দিন বিরতির পর, ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে ৫৮তম বিশ্ব ইজতেমার আয়োজন শেষ হবে।
মন্তব্য করুন