দিনাজপুর প্রতিনিধি 

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের চেতনা গড়ে তুলতে দিনাজপুরের বিরল উপজেলার ৩ নম্বর ধামইড় ইউনিয়নের নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগমের সভাপতিত্বে শিক্ষক-শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় মাঠ ও ক্যাম্পাসের বিভিন্ন খালি স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি রোপণ করা চারাগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। বর্তমান জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জ মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানেই সীমাবদ্ধ না রেখে পরিবেশ সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেই আমাদের এ উদ্যোগ।”
তিনি আরও বলেন, বিদ্যালয়ে রোপণ করা ফলজ, বনজ ও ঔষধি গাছগুলো একদিকে যেমন ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করবে, অন্যদিকে শিক্ষার্থীরা বিভিন্ন গাছের পরিচিতি, ভেষজ গুণাগুণ ও পুষ্টিগুণ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। এ সময় তিনি প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছের চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা বলেন, প্রাথমিক স্তর থেকেই শিশুদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা ও পরিবেশ সংরক্ষণের মানসিকতা তৈরি করা গেলে ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
কর্মসূচি শেষে নবরোপিত চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্ব শিক্ষার্থীদের বিভিন্ন দলে ভাগ করে দেওয়া হয়। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং পরিবেশ রক্ষায় তাদের দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মন্তব্য করুন