আরসিটিভি ডেস্ক 

দিনাজপুরের বিরলে দেশীয় মাছের প্রজাতি রক্ষায় এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে, মৎস্য দপ্তরের উদ্যোগে, বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
অভিযানে বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে, অভিযানটি পরিচালনা করেন, বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রেজাউল ইসলাম।
মোবাইল কোর্ট পরিচালনা কালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, বিরল উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, দেশীয় ও ডিম্বওয়ালা মাছসহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণীর নির্বিচার নিধন রোধে এই আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহারের মাধ্যমে দেশীয় মাছের প্রজাতি গুলো মারাত্মক হুমকির মুখে পড়ছে। তাই মৎস্য সম্পদ রক্ষার্থে এই অভিযান চালানো হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
পরে জনসাধারণের উপস্থিতিতে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এমন কঠোর নজরদারি ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন